ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদীতে পরিবহণ খাতে বিদ্যমান নানা সমস্যা, লোকাল যাত্রী পরিবহন নিয়ে বিরোধ, মোবাইল কোর্টের অভিযান ও চাঁদাবাজির অভিযোগ তুলে ধরে পরিবহণ মালিক ও শ্রমিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের দাবি জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. সারোয়ার হোসেন মৃধা, যিনি বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি।

এসময় বক্তব্য রাখেন মনোহরদীর মো. মাসুদ মিয়া, শিবপুরের আ. লতিফ, মো. আবদুল্লাহ, শিবপুর উপজেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মশিউর রহমান বশির, শিবপুর উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ খান, কাজী শহিদুল্লাহ, সততা এক্সপ্রেসের পরিচালক মো. কাউছার আহমেদ, মো. মোতালিব ও মো. ইয়াছিন।

এছাড়া উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহি, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার উমায়ের রায়হান শাহিন। সভায় সভাপতিত্ব করেন মো. লিটন মিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসমাইল হোসেন সরকার এবং ইটাখোলা পরিবহণের পরিচালক সোহেল রানা।
বক্তারা দাবি করেন, নীলাচল পরিবহণ ইটাখোলা থেকে গাউছিয়া পর্যন্ত লোকাল যাত্রী বহন করছে।

পাশাপাশি সিএনজি ও থ্রি-হুইলারও একইভাবে লোকাল যাত্রী পরিবহন করায় পরিবহণ মালিক ও শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের অভিযোগ, প্রায় ২০ লাখ টাকার একটি গাড়ি চালিয়েও সন্ধ্যার সময় আয় নেমে আসে প্রায় ৫০০ টাকায়, ফলে অনেক মালিক-শ্রমিক চরম সংকটে পড়ছেন।

বক্তারা আরও বলেন, সন্ধ্যার পর মোবাইল কোর্টের অভিযান তাদের জন্য নাভিশ্বাস হয়ে উঠেছে। এছাড়া চাঁদাবাজদের হুমকি এবং বিভিন্ন সমস্যার কারণে তারা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না। প্রশাসনের সঙ্গে বসে একটি সমাধানের ব্যবস্থা করার জন্যও আহ্বান জানান তারা, যাতে মালিক-শ্রমিকরা স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করতে পারেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. সারোয়ার হোসেন মৃধা বলেন, নির্বাচনকে সামনে রেখে নীলাচল পরিবহণ রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে নিবন্ধন করেছে বলে অভিযোগ রয়েছে। তিনি পরিবহণ খাতের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।