ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদীর সদর ও রায়পুরা উপজেলার মধ্যে আলোকবালী ইউনিয়ন এবং হাইমারা ইউনিয়নের মণিপুরা এলাকার সংযোগে মেঘনা নদীর শাখা নদীর ওপর নির্মিত কাঠের সেতুটি এখন হাজারো মানুষের ভরসা। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে স্পেন প্রবাসী দানবীর মো. আল আমিন ও স্থানীয়দের অর্থায়নে নির্মিত এই সেতু দিয়ে প্রতিদিন শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আলোকবালী ইউনিয়ন ও মণিপুরা এলাকার মাঝখানে কোনো স্থায়ী সেতু না থাকায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে ছিলেন চরাঞ্চলের বাসিন্দারা। বিশেষ করে অসুস্থ রোগী পারাপারে বিলম্বের কারণে প্রাণহানির ঘটনাও ঘটেছে। নদী পারাপারে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, কচুরিপানার বাধা এবং নৌযানের অভাবে দুর্ভোগ ছিল নিত্যদিনের চিত্র।

এদিকে, রায়পুরার মণিপুরা এলাকায় গড়ে উঠেছে একটি বৃহৎ বাজার, যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য ওঠানামা করে এবং বসে বড় গরুর হাট। ফলে এই সেতুটি দুই উপজেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে।

কাঠের তৈরি হওয়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ হলেও আপাতত এটি এলাকাবাসীর জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে স্থানীয়দের মতে, এটি কোনো স্থায়ী সমাধান নয়। তারা দ্রুত একটি টেকসই পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন এবং রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে। ইতোমধ্যে বিষয়টি জাতীয় সংসদেও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ফুলকাম বাদশা জানান, সেতু নির্মাণের জন্য প্রকল্পের ডিজাইন প্রস্তুত করা হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করা হবে।

স্থানীয়দের আশা, দ্রুত একটি স্থায়ী সেতু নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে আসবে আমূল পরিবর্তন এবং দুই উপজেলার মানুষের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।