বিশেষ প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলামের দিকনির্দেশনায় এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

এ সময় মনোহরদী থানাধীন কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও চৌরাস্তায় অবস্থানকালে পুলিশ জানতে পারে, পশ্চিম বীরগাঁও এলাকায় হাসেম সাবেরি চিশতি মাজার শরীফের পশ্চিম পাশে ইটের সলিং রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে লিপ্ত রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাত আনুমানিক ৯টার দিকে পশ্চিম বীরগাঁও গ্রামের বাসিন্দা মাসুদ (৪২), পিতা—মৃত মফিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে ৫ (পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

এ ঘটনায় মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।