বিশেষ প্রতিনিধি
নরসিংদীতে অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে হেনস্তার শিকার হয়েছেন সাংবাদিকরা। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক মেহেদী হাসান। অভিযোগ উঠেছে, সরকারি কর্মকর্তারা তথ্য প্রদানে বাধা দিয়ে সাংবাদিকদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেছেন।
নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকের কক্ষে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহের জন্য আজ দুপুরে সেখানে যান ‘দেশগ্রাম’ পত্রিকার প্রতিনিধি ও নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সদস্য মেহেদী হাসানসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী।
অভিযোগ উঠেছে, তথ্য সংগ্রহের সময় নরসিংদী জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নঈম জাহাঙ্গীর এবং সাবেক উপ-পরিচালক ও বর্তমানে নারায়ণগঞ্জে কর্মরত মাসুদুল হাসান তাপস সাংবাদিকদের কাজে বাধা প্রদান করেন। সাংবাদিকরা এর প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে আক্রমণাত্মক আচরণ শুরু করেন।
লিখিত অভিযোগে জানানো হয়, পরবর্তীতে ওই দুই কর্মকর্তা অজ্ঞাতনামা আরও ৫/৬ জন লোক নিয়ে সাংবাদিকদের ঘিরে ধরেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। বর্তমানে এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীরা।
সাংবাদিক মেহেদী হাসান বলেন, “আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। কিন্তু সরকারি অফিসের ভেতরেই আমাদের যেভাবে ঘিরে ধরে হুমকি দেওয়া হয়েছে, তা মুক্ত সাংবাদিকতার জন্য বড় বাধা।”
এই ঘটনায় আজ ( ৭ এপ্রিল) বিকেলে নরসিংদী মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদীতে সাংবাদিকদের ওপর এমন আচরণের ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

