ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদী:হাসি, উচ্ছ্বাস আর প্রাণবন্ত অংশগ্রহণে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সোমবার (১৩ এপ্রিল) জেলা শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে দিনব্যাপী এই আয়োজন রূপ নেয় এক অনন্য মিলনমেলায়।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় নরসিংদী জেলা ক্রীড়া অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, শিশুর সুস্থ মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। মাদক ও প্রযুক্তিনির্ভরতা থেকে শিশুদের দূরে রাখতে মাঠমুখী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মোবাইলের খেলায় নয়, মাঠের খেলায় শিশুদের সম্পৃক্ত করতে হবে।”তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করায় অভিভাবকদের ভূয়সী প্রশংসা করেন।

জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন বালক-বালিকারা ৬টি ইভেন্টে অংশ নেয়। প্রতিটি ইভেন্টে ছিল উৎসবমুখর পরিবেশ, যা মাঠজুড়ে ছড়িয়ে দেয় আনন্দের আমেজ।এতে অংশগ্রহণ করে নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।দিনশেষে বিজয়ীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিশুকেও সম্মাননা প্রদান করা হয়, যা তাদের আত্মবিশ্বাস ও আগ্রহকে আরও দৃঢ় করে তোলে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে শিশুদের এই ব্যতিক্রমধর্মী আয়োজন উপভোগ করেন।

এমন উদ্যোগ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সামাজিক অন্তর্ভুক্তি ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।