নিউজ ডেস্ক

আজ পহেলা বৈশাখের আনন্দঘন পরিবেশে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষকদের ভাগ্যোন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপে সুইচ চাপ দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হিসেবে চালু হওয়া এই ‘কৃষক কার্ড’ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে দেশের প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষককে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কৃষকদের বিভিন্ন সরকারি সহায়তা, ভর্তুকি ও কৃষি সেবা সহজলভ্য করা হবে বলে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে প্রতিটি কৃষকের মধ্যে একটি করে আম অথবা জাম গাছের চারা বিতরণ করা হয়। তিনি দেশে চলমান ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও গতিশীল করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে টাঙ্গাইল পৌর উদ্যানে কৃষি মেলারও শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ ও কৃষি উপকরণের বিভিন্ন প্রদর্শনী কৃষকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, কৃষি বিভাগসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।