ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদী থেকে রায়পুরা পর্যন্ত আমিরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন সড়কের দুই পাশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রায়পুরা উপজেলা প্রশাসন। শনিবার সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে এবং ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্সের ব্যবস্থাপনায় পরিচালিত এ অভিযানে এক্সক্যাভেটর (ভেকু) ব্যবহার করে রাস্তার দুই পাশের অবৈধ দোকানপাট ও স্থাপনা ভেঙে ফেলা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজা ই রাব্বি, সহকারী কমিশনার (ভূমি) মুন মুন পাল এবং রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এছাড়া স্থানীয় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজার ও আমিরগঞ্জ রেলস্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশ দখল করে দোকানপাট নির্মাণ এবং অনিয়ন্ত্রিতভাবে অটোরিকশা ও সিএনজি পার্কিংয়ের কারণে তীব্র যানজট সৃষ্টি হতো। এতে প্রতিদিন হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়তেন।

সড়কটি চার লেনে উন্নীত করার পরিকল্পনার অংশ হিসেবে কয়েকদিন আগে অবৈধ দখলদারদের সরিয়ে নিতে নোটিশ দেওয়া হলেও তারা তা মানেননি। ফলে প্রশাসন বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, গত তিন বছর ধরে নরসিংদী-রায়পুরা সড়ক প্রশস্তকরণের কাজ চলমান রয়েছে এবং ২০২৫ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে কিছু প্রভাবশালী ব্যক্তি ভুয়া কাগজপত্র তৈরি করে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় উন্নয়ন কাজে বাধা সৃষ্টি হচ্ছিল।

সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল বলেন, “নরসিংদী থেকে রায়পুরা পর্যন্ত রেললাইনের পাশ দিয়ে চার লেন সড়ক নির্মাণ করা হবে। রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে কাজ ব্যাহত হচ্ছিল। সেগুলো উচ্ছেদ করে এখন উন্নয়ন কাজের পথ সুগম করা হচ্ছে।”

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সদস্যরা মোতায়েন ছিল।

দীর্ঘদিন পর গুরুত্বপূর্ণ এই সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসন ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন অনেকেই।