
আবদুর রহমান
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কার্যক্রম বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার (০২ মে ২০২৬) সিলেটের কান্দিগাঁওয়ে বাঁশিয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে খালপাড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি বলেন, দেশের মানুষের সামনে উপস্থাপিত প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে এবং পরিবেশ রক্ষা ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
বাঁশিয়া খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়নের ফলে প্রায় ৮০ হাজার কৃষক সরাসরি এবং প্রায় ১ লাখ ৫০ হাজার কৃষক পরোক্ষভাবে উপকৃত হবেন। এছাড়া অতিরিক্ত প্রায় ৭ হাজার মেট্রিক টন ফসল উৎপাদন সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
একই দিন সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সুরমা নদীর উভয় তীরে সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তারেক রহমান ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন ও নগরবাসীর জীবনমান উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী আরও জানান, সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ড চালু করা হয়েছে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের জন্য সম্মানি ভাতা প্রদান কার্যক্রমও শুরু হয়েছে।
স্বাস্থ্য খাতে উন্নয়নের লক্ষ্যে সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ শতাংশ নারী। এসব কর্মী বাড়ি বাড়ি গিয়ে মানুষকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করবেন।
এছাড়া দেশের বন্ধ আইটি পার্কগুলো দ্রুত চালুর মাধ্যমে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলেও জানান তিনি।

