
ওমর ফারুক
নরসিংদীর রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি)-এর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মানব পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধি, সারভাইভার সুরক্ষা এবং স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদের মিলনায়তনে আশ্বাস প্রকল্পের উদ্যোগে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। সভাটি সুইজারল্যান্ডের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজন করে।
সভায় আমীরগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফুর রহমান, ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা নাদিরা আক্তার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রাকিব নাজির, গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর মনি আক্তার, সংরক্ষিত ইউপি সদস্য খালেদা পারভীন, ওয়্যারবী মোবিলাইজার শিশির রায় ও জোহরা আক্তার, রামরু প্রতিনিধি লাইলী আক্তার ও মনিরা আক্তার, ইউপি সদস্য মোকাররম হোসেন এবং রায়পুরা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম শরীফ।
ওরিয়েন্টেশন সভায় বক্তারা মানব পাচারের ভয়াবহতা তুলে ধরে এ অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, মানব পাচার প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, প্রশাসন, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, “মানব পাচার রোধে কার্যকর প্রতিরোধ কমিটি গঠন, জনসচেতনতা সৃষ্টি, সারভাইভারদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং ইউনিয়ন পরিষদের বাজেটে মানব পাচার প্রতিরোধ খাতে বরাদ্দ অন্তর্ভুক্ত করা জরুরি।”
এসময় উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর মনি আক্তার মানব পাচার প্রতিরোধে গ্রাম আদালতের ভূমিকা ও স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরেন। সভা শেষে মানব পাচার প্রতিরোধ কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

