
ওমর ফারুক
শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং চলমান এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শনিবার (১৬ মে) সকালে জেলা শিক্ষা অফিস, নরসিংদীতে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিক্ষা অফিস। অনুষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল আর্ট বাংলাদেশ লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. শাহাওয়াত হোসেন খান। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার এ.এস.এম আব্দুল খালেক।সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ এ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. শাহাওয়াত হোসেন খান বলেন, “শিক্ষার প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একসঙ্গে কাজ করতে হবে।
শুধু পরীক্ষায় ভালো ফল করাই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”তিনি আরও বলেন, “সৃজনশীল কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিত্রাঙ্কনের মতো আয়োজন তাদের প্রতিভা বিকাশে সহায়ক।”
সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার এ.এস.এম আব্দুল খালেক বলেন, “নরসিংদীতে শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে জেলা শিক্ষা অফিস নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বাড়াতে কার্যকর ভূমিকা পালন করে।”অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

