
ওমর ফারুক
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষাবিদ, সমাজসেবক ও প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্ব মো. নাসির উদ্দিন।
তিনি এম.এস.এস, বি.এড এবং এল.এল.বি ডিগ্রিধারী। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকায় একটি পরিচিত মুখ হিসেবে অবস্থান তৈরি করেছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, নরসিংদী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শিক্ষা প্রশাসন ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয়ভাবে জানা যায়, মো. নাসির উদ্দিন দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির কাজ করে আসছেন। তিনি মনোহরবাদ মাঈনুদ্দিন ভুঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া গকুলনগর আবেদা ফজলু পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি নারায়ণপুর কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে থেকে স্বাস্থ্যসেবার উন্নয়নেও ভূমিকা রাখছেন বলে স্থানীয়রা জানান।
চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা প্রসঙ্গে মো. নাসির উদ্দিন বলেন, “রাধানগর ইউনিয়নকে একটি উন্নত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি কাজ করতে চাই। দীর্ঘদিন শিক্ষা, প্রশাসন ও সামাজিক উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের দুঃখ-কষ্ট কাছ থেকে দেখেছি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন,“আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, রাধানগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করতে চাই। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট উন্নয়ন এবং বেকারত্ব নিরসনে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করব। যদি জনগণ আমাকে সুযোগ দেয়, তাহলে একটি মডেল ইউনিয়ন হিসেবে রাধানগরকে গড়ে তুলতে চাই।”
প্রার্থীর ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তার শিক্ষা ও প্রশাসনিক অভিজ্ঞতা ইউনিয়ন নির্বাচনে তাকে একটি শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে।
এদিকে স্থানীয় বাসিন্দারাও আশা প্রকাশ করেছেন, নির্বাচিত হলে তিনি ইউনিয়নের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করে জনকল্যাণমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখবেন।
সব মিলিয়ে রাধানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. নাসির উদ্দিনের প্রার্থীতা ঘোষণাকে ঘিরে নির্বাচনী পরিবেশ ধীরে ধীরে সরগরম হয়ে উঠছে।

