ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্য এবং নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবু কাউছার সুমনের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে নরসিংদী শহরের ভেলানগর ব্যাংক কলোনিস্থ নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেআরএফ) নরসিংদী জেলা শাখার সাবেক কো-অর্ডিনেটর ডা. নুরুল্লাহ আল মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম খান, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নরসিংদী জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রাকিবুল হাসান, দৈনিক নরসিংদীর নবকণ্ঠের প্রধান সম্পাদক শান্ত বণিক, শহর সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম হিমেল, আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেল, মার্কেন্টাইল ব্যাংক ভেলানগর শাখার ম্যানেজার মো. মাহবুবুর রহমান এবং ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডা. মো. আবু কাউছার সুমন দায়িত্ব পালন কালে মানবিকতা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার কর্মদক্ষতা, পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়টি নতুন উচ্চতায় পৌঁছেছে বলেও বক্তারা উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. নুরুল্লাহ আল মাসুদ বলেন, “ডা. আবু কাউছার সুমন শুধু একজন দক্ষ চিকিৎসক নন, তিনি একজন মানবিক সংগঠক ও সমাজসেবক। বিশেষ শিশুদের শিক্ষা ও বিকাশে তিনি যে অবদান রেখেছেন, তা নরসিংদীবাসী দীর্ঘদিন মনে রাখবে। বিদ্যালয়ের উন্নয়নে তার ভূমিকা ছিল অন্যদের চেয়ে আলাদা ও প্রশংসনীয়।”

বিদায়ী বক্তব্যে ডা. মো. আবু কাউছার সুমন বলেন, “এই বিদ্যালয়ের সাথে আমার সম্পর্ক ছিল আত্মিক। বিশেষ শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে আমি অনেক ভালোবাসা ও অভিজ্ঞতা অর্জন করেছি। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ছাড়া এতদূর এগিয়ে যাওয়া সম্ভব হতো না। আমি যেখানে থাকি না কেন, এই বিদ্যালয়ের প্রতি আমার ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানের শেষে ডা. মো. আবু কাউছার সুমনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করা হয়।