মোঃ নিজামুল ইসলাম
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি


দিনাজপুরের খানসামায় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে ইজি কম্পিউটার ট্রেনিং সেন্টার এর উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সহযোগী হিসেবে অংশগ্রহণ করে খানসামা রক্তদান গ্রুপ, একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।
উক্ত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খানসামা রক্তদান গ্রুপের উপদেষ্টা জনাব আব্দুর রহমান লিটন এবং সাধারণ সম্পাদক মো: নিজামুল ইসলাম।

এসময় তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানান।


বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক শিক্ষায় আগ্রহী করে তুলতে এমন আয়োজন প্রশংসনীয় উদ্যোগ।


এসময় অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।


খানসামা রক্তদান গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, মানবসেবার পাশাপাশি শিক্ষা, সচেতনতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমেও সংগঠনটি ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।