
ওমর ফারুক
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং ঢাকা-সিলেট মহাসড়কে যানজটমুক্ত পরিবেশ বজায় রাখতে বিশেষ তৎপরতা শুরু করেছে নরসিংদী জেলা পুলিশ। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৬ মে) মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট নরসিংদীর পাঁচদোনা মোড়ের ট্রাফিক ব্যবস্থাপনা ও কুরবানীর পশুর হাট পরিদর্শন করেছেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে পাঁচদোনা মোড়ের মতো ব্যস্ততম সংযোগস্থলে যেন কোনো কৃত্রিম যানজট সৃষ্টি না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেন তিনি।
পরে তিনি নরসিংদীর অস্থায়ী কুরবানীর পশুর হাট ঘুরে দেখেন এবং হাটের ইজারাদার, ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হাটে আগত মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, জালনোট শনাক্তকরণ এবং সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী হাসিল আদায়ের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন।
এছাড়াও পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেজন্য থানা পুলিশকে বাড়তি নজরদারির নির্দেশ দেন পুলিশ সুপার।
পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, নরসিংদী সদর ও মাধবদী থানার অফিসার ইনচার্জসহ ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা হবে।

