
বিজয় কর রতন
কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন অষ্টগ্রাম ব্লাড ব্যাংক-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। উপজেলা পরিষদ কাম কমিউনিটি সেন্টারে আজ পহেলা জুন সকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কিশোরগঞ্জ ৪- আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান। প্রতিষ্ঠার পর থেকে জরুরি রক্তসেবার মাধ্যমে অসংখ্য মানুষের জীবন বাঁচিয়ে সংগঠনটি অষ্টগ্রামে মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
আয়োজকরা জানান, বর্তমানে অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের প্রায় হাজারখানেক স্বেচ্ছাসেবক মানবিক কাজে সক্রিয় রয়েছেন। সংগঠনটির মাধ্যমে এ পর্যন্ত ১০ হাজার ৬৯৫ ব্যাগ রক্ত সংগ্রহ ও রোগীদের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে। রক্ত সংকটে থাকা রোগী ও তাদের স্বজনদের কাছে সংগঠনটি এখন আস্থার নাম হয়ে উঠেছে।
৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ জাকির হোসাইন আশরাফী, প্রতিষ্ঠাতা পরিচালক, অষ্টগ্রাম ব্লাড ব্যাংক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহঃ সভাপতি উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইয়াজ হাসান বাবু, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নিজামুল হক নজরুল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহঃ মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম আক্তার, অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেফুজ চৌধুরী ও আবু সায়েম সজল।এছাড়াও সংগঠনের পরিচালক সাদ্দাম হোসেন জয়, জুনাইদ আহমেদ, মোহাম্মদ ফয়সাল, ফাইজুল হাসান, পলাশ আহমেদসহ অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের পরিচালকবৃন্দ এবং শত শত স্বেচ্ছাসেবী অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হবিগঞ্জ ও ময়মনসিংহ জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের মোট ৩৫টি সংগঠনকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
একইসঙ্গে অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের পরিচালক, নিয়মিত রক্তদাতা এবং নিয়মিত রক্ত ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা রাখা স্বেচ্ছাসেবকদের মধ্য থেকে তিনটি ক্যাটাগরিতে মোট ৬৫ জনকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, অষ্টগ্রাম ব্লাড ব্যাংক শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার সেবায় মানুষের নির্ভরতার প্রতীক। দিন-রাত যেকোনো মুহূর্তে রক্তের প্রয়োজনে রোগীর পাশে দাঁড়িয়ে সংগঠনটি যে ভূমিকা রাখছে তা সত্যিই প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এই কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সম্মাননা প্রদান এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মানবিক এই আয়োজনকে ঘিরে স্বেচ্ছাসেবীদের মাঝে ছিল উৎসবের আমেজ। অতিথিরা তরুণদের রক্তদান ও সমাজসেবামূলক কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

