ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ী রফিকুল ইসলাম মুন্সি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে নিহতের পরিবার, স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার হাঁটুভাঙা এলাকায় রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।উল্লেখ্য, গত ২৩ মে রাতে উপজেলার হাঁটুভাঙা এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তরা রফিকুল ইসলাম মুন্সিকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের পরিবার রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। তবে ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে মানববন্ধনে অভিযোগ করেন স্বজনরা।

মানববন্ধনে নিহতের স্ত্রী লিজা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “একজন সহজ-সরল মানুষকে একটি স্বাধীন দেশে নিজ দোকানের ভেতরে ঢুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমার চার কন্যা সন্তানকে এতিম করেছে, আমাকে বিধবা করেছে।

ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি এবং জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি। প্রশাসনের কাছে আমার দাবি, দ্রুত আমার স্বামী হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হোক।”নিহতের বড় মেয়ে বর্ষা আক্তার বলেন, “আমার বাবা ছিলেন একজন সৎ ও পরিশ্রমী ব্যবসায়ী।

যারা আমাদের চার বোনকে এতিম করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রফিকুল ইসলাম মুন্সি উপজেলার হাঁটুভাঙা এলাকার মৃত শাহারাজ খলিফার ছেলে। তিনি সিরামিক সামগ্রীর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার রাতে দুর্বৃত্তরা তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে শাটার নামিয়ে ভেতরে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, “ব্যবসায়ী রফিকুল ইসলাম মুন্সি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। মামলাটি নিয়ে পুলিশের তদন্ত শাখা, গোয়েন্দা শাখা (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।