ওমর ফারুক
বার্তা সম্পাদক

হোম অ্যাপ্লায়েন্স পণ্যের মান সনদ (সিএম লাইসেন্স/ছাড়পত্র) যাচাইয়ে নরসিংদী শহরের বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের শো-রুমে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার (৪ জুন) বিএসটিআই আঞ্চলিক অফিস, নরসিংদীর অফিস প্রধান ও উপপরিচালক (সিএম) কে এম হানিফের নেতৃত্বে নরসিংদী সদর রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স লিমিটেড, বেস্ট ইলেক্ট্রনিক্স লিমিটেড, ভিশন ইম্পোরিয়াম (আরএফএল ইলেক্ট্রনিক্স লিমিটেড), ঐশী ইলেক্ট্রনিক্স (স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড) এবং এস্কোয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেডের শো-রুম পরিদর্শন করা হয়।

পরিদর্শনে দেখা যায়, প্যানাসনিক ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার, ব্লেন্ডার, মাইক্রোওয়েভ ওভেন ও আয়রন এবং ভিশন ব্র্যান্ডের আয়রন ও গ্রাইন্ডারসহ কয়েকটি বাধ্যতামূলক মান নিয়ন্ত্রণাধীন পণ্য গুণগত মান পরীক্ষণ ছাড়া এবং প্রয়োজনীয় সিএম লাইসেন্স/ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রয় ও বিতরণ করা হচ্ছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের আগামী সাত কার্যদিবসের মধ্যে উল্লিখিত পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স/ছাড়পত্র গ্রহণের জন্য আবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ পারভেজ মিয়া এবং পরিদর্শক (মেট) মো. আরিফ হোসেন আসিফ।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের নজরদারি ও সার্ভিল্যান্স কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।