
ওমর ফারুক
জাতীয় সংসদে জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, উন্নয়ন পরিকল্পনা এবং স্থানীয় সমস্যাগুলো ধারাবাহিকভাবে তুলে ধরে প্রশংসা কুড়াচ্ছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে এখন তাকে নিয়ে আলোচনা তুঙ্গে। অনেকেই মনে করছেন, তার সক্রিয়তা, নেতৃত্ব ও উন্নয়নমুখী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা উচিত।
এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই প্রশাসনের সহযোগিতায় চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে কঠোর অবস্থান গ্রহণ করেন আশরাফ উদ্দিন বকুল। জেলার মধ্যে সর্বপ্রথম রায়পুরা পৌরসভাকে টোলমুক্ত ঘোষণা এবং রায়পুরা পান্থশালা-মেঘনা নদীর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া ও টোল আদায় বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর উদ্যোগ ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
এছাড়া মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ, চরাঞ্চলে বেড়িবাঁধ ও পর্যটন কেন্দ্র গড়ে তোলা, রেললাইনের পাশ দিয়ে শ্রীরামপুর থেকে ভৈরব পর্যন্ত সড়ক নির্মাণ এবং রায়পুরায় বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করছেন তিনি।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং দলের পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত আশরাফ উদ্দিন বকুল সম্প্রতি জাতীয় সংসদে ই-জিপি (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) পদ্ধতিতে স্থানীয় ঠিকাদারদের বঞ্চনা ও সরকারি কাজের মান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে নতুন করে আলোচনায় আসেন।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সুবিধাভোগী অনেক ঠিকাদার শক্তিশালী প্রোফাইলের কারণে সহজেই সরকারি কাজ পেয়ে যাচ্ছেন। ফলে স্থানীয় ঠিকাদাররা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন এবং অনেক ক্ষেত্রে কাজ একাধিক ধাপে হাতবদল হওয়ায় নিম্নমানের বাস্তবায়নের অভিযোগ সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, এলজিইডির বিভিন্ন প্রকল্পে স্থানীয় ঠিকাদারদের অগ্রাধিকার দেওয়া হলে কাজের গুণগত মান নিশ্চিত হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং জবাবদিহিতা বৃদ্ধি পাবে। তার এই বক্তব্য সংসদ ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রশংসা পেয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রায়পুরার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো নিয়মিতভাবে জাতীয় সংসদে তুলে ধরে আশরাফ উদ্দিন বকুল নিজেকে একজন জনমুখী ও কার্যকর সংসদ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্থানীয় অর্থনীতির উন্নয়নে তার ধারাবাহিক অবস্থান সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।
রায়পুরার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি, জাতীয় পর্যায়ে তার অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং উন্নয়ন কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে শুধু রায়পুরা নয়, সারাদেশই উপকৃত হবে।
স্থানীয়দের ভাষ্য, “আশরাফ উদ্দিন বকুল যেভাবে জনগণের সমস্যা সংসদে তুলে ধরছেন এবং উন্নয়নের জন্য কাজ করছেন, তাতে তিনি মন্ত্রিসভায় দায়িত্ব পেলে জাতীয় পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।”
এলাকাবাসীর মতে, আশরাফ উদ্দিন বকুল এখন শুধু একজন সংসদ সদস্য নন, বরং রায়পুরাসহ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার অন্যতম প্রতিনিধি। তাই ভবিষ্যতে তাকে মন্ত্রী হিসেবে দেখতে চান তারা।

