নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর মাধবদী থানার মধ্য খরিয়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে স্থানীয় এক ব্যবসায়ীর ওপর হামলা ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. রুবেল মিয়া মাধবদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মধ্য খরিয়া এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে আসছেন বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি তারা রুবেল মিয়ার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে তিনি চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগীর দাবি, গত ১০ জুন দুপুরে তিনি এলাকায় অবস্থানকালে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে আহত করা হয় এবং তার কাছে থাকা প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি উদ্ধার হন এবং চিকিৎসা গ্রহণ করেন।
রুবেল মিয়া অভিযোগ করেন, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রুবেল মিয়াকে আহত অবস্থায় দেখা গেছে এবং তাকে চিকিৎসা নিতে হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে তারা নিশ্চিত নন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সোহেল বলেন, “রুবেল আমাদের জমি ভাড়া নিয়ে কারখানা পরিচালনা করছেন। পারিবারিক বিষয় নিয়ে কিছু তর্কাতর্কি হয়েছে। তবে চাঁদাবাজি বা টাকা ছিনিয়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। থানায় দেওয়া অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”
মাধবদী থানার তদন্ত কর্মকর্তা এসআই জুয়েল জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংশ্লিষ্টদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

