বিশেষ প্রতিনিধি

নরসিংদী জেলা শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায় পলী রানী রায় (৩৮) কে কুপিয়ে হত্যা চেষ্টা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার সৎ দেবর ও দেবরের স্ত্রী বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পলী রানী রায় নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার বাসিন্দা পলী রানী রায়ের স্বামী চন্দন কুমার সাহার সঙ্গে পারিবারিক ও সম্পত্তি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে অভিযুক্ত দেবর রঞ্জন কুমার সাহা(৪৪) ও তার স্ত্রী শিলা (৩৮) ভিন্ন সময় তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দিয়ে আসছিলেন ।

ভুক্তভোগীর দাবি, গত ২৯ মে দুপুরে অভিযুক্তরা তাদের বাসার নিচতলায় এসে অশালীন আচরণ ও গালিগালাজ করেন। এ সময় তার স্বামী প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে অভিযুক্ত রঞ্জন কুমার সাহা ও তার স্ত্রী শিলা তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে ওপর হামলা চালায়। সৎ দেবর রঞ্জন ধারালো অস্ত্র উঁচিয়ে সরাসরি পলি রানীর মাথায় কোপ বসাতে যান। জীবন বাঁচাতে পলী রানী রায় হাত দিয়ে ঠেকিয়েছিলেন! মাথায় না লাগলেও কোপটি লাগে বাম হাতে, এতে তিনি গুরুতর জখম হন এবং তার গলায় থাকা প্রায় আড়াই লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে জানা যায়।

আহত অবস্থায় পলি রানীকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি চিকিৎসা গ্রহণ করেন।অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পরও অভিযুক্তরা বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। ফলে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ এ আর এম এ মামুন বলেন, এটাতো সৎ ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ হয়েছে। ভিকটিমের দেবর ওই তিন তলায় থাকে ওনি বাড়ির মালিক না। তর্কাতর্কির এক পর্যায়ে কুপ দিছিলো। কুপ দেওয়ার সময় ভিকটিম হাত দিয়ে ঠেকানোর সময় হাতে কুপ লাগে। এবং ঘটনার সত্যতা পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনানু ব্যবস্থা নেয়া হচ্ছে।

হাসপাতালে চিকিৎসা নিয়ে পলি রানী বাড়ি ফিরলেও, কাটেনি আতঙ্ক। অভিযোগ রয়েছে, এখনও মিলছে প্রাণনাশের হুমকি। প্রকাশ্য দিবালোকে ঘরের ভেতর ঢুকে এমন হামলার পর পুরো পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।