
ওমর ফারুক
আসন্ন পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট আয়েশা আক্তার চম্পা। দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও আইন পেশার সঙ্গে সম্পৃক্ত এই নারী নেত্রী ইতোমধ্যে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।
রাজনৈতিক জীবনে তিনি বর্তমানে পলাশ থানা জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি নরসিংদী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন তিনি।
অ্যাডভোকেট আয়েশা আক্তার চম্পা বলেন, “নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং স্থানীয় সরকারের সেবাগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমি কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি।”
তিনি আরও বলেন, “পলাশ উপজেলার নারী, শিশু, প্রবীণ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চাই। জনগণ আমাকে সুযোগ দিলে আমি তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইন পেশায় অভিজ্ঞতা, দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার কারণে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন অ্যাডভোকেট আয়েশা আক্তার চম্পা।
এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ ভোটারদের কাছে নিজের পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরছেন। তার সমর্থকরা আশা প্রকাশ করেছেন, নির্বাচনে তিনি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।

