বিশেষ প্রতিনিধি
নরসিংদীর মডেল থানার আলোচিত যুবক সারোয়ার হোসেন হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত সারোয়ার হোসেন (২২) সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের বাসিন্দা। গত ১৩ জুন বিকেলে ভটভটি চালক হিসেবে কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরদিন রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের চাঁপাকান্দি এলাকায় মেঘনা শাখা নদীর তীরে একটি বাগানের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নরসিংদী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে জেলা পুলিশের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে। তদন্তের একপর্যায়ে নরসিংদী সদর ও রায়পুরা এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রায়পুরা উপজেলার আনোয়ার হোসেন (২৭) এবং নরসিংদী সদরের আশিক (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ভটভটি গাড়ি ও চারটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুক জানান, ঘটনার দ্রুত তদন্ত ও তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই হত্যার রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

