বিশেষ প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে নরসিংদীর বাউলপাড়া এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২২ জুন ২০২৬) পরিচালিত অভিযানে নরসিংদী মডেল থানার বাউলপাড়া এলাকার বেড়িবাঁধের পাকা সড়ক থেকে মো. রবিউল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার দক্ষিণ কদমতলী এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. রেহান উদ্দিন এবং মায়ের নাম আছমা বেগম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে আরও একটি মাদক মামলা রয়েছে।
নরসিংদী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

