আবদুর রহমান
সম্পাদক

তিন দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৫৫ মিনিটে) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চীনের দালিয়ান ঝৌশুইজি আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনের লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ দেশটির উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর থেকে চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে তাঁকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান।

দালিয়ানে অবস্থানকালে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামার দাভোস ২০২৬-এ অংশগ্রহণ করবেন। সম্মেলনের ‘Climate Leadership in a Shifting Global Landscape’ শীর্ষক অধিবেশনে তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।

এছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং সফর করবেন, যেখানে তাঁর সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে।

আগামী ২৫ জুন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত Bangladesh Investment Forum-এ প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, নীতিগত সুবিধা ও অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরবেন।

এতে অংশগ্রহণকারী চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়িক নেতারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়াই ছিল  প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ও চীন দ্বিতীয় সরকারি বিদেশ সফর।