ওমর ফারুক
বার্তা সম্পাদক

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে জাতীয় ছাত্রশক্তি নরসিংদী জেলা। সংগঠনটির উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি, কলম, স্কেলসহ বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে আসা অভিভাবকদের জন্য বসারও ব্যবস্থা করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নরসিংদী সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হয়। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং প্রচণ্ড গরমে স্বস্তি দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি নরসিংদী জেলা শাখার আহ্বায়ক ফাহিম ভূঁইয়া রাজ অভি, সদস্য সচিব আবরারুল হক রিফাতসহ জেলা ছাত্রশক্তির অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করা জাতীয় ছাত্রশক্তির অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।