বিশেষ প্রতিনিধি

নরসিংদীর আদালত প্রাঙ্গণ থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করে জিম্মি রেখে মারধর এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে নিজেকে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়া মাসুদ রানা বাবুলকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, অপহরণের পর তাকে নির্যাতন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে তার স্ত্রীর কাছ থেকে বিকাশের মাধ্যমে ১ লাখ ১৮ হাজার টাকা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়।

ভুক্তভোগী লিখন তালুকদার ফরিদপুরের নগরকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার একটি কনসালটেন্সি প্রতিষ্ঠানের ব্যবসায়ী।

মামলার আসামিরা হলেন— নরসিংদীর হাজীপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের সামাদ সরকারের ছেলে মাসুদ রানা বাবুল ওরফে কনটেন্ট ক্রিয়েটর বাবুল (৫৫), তার ভাই কামাল সরকার (৪৯), বদরপুর গ্রামের কামাল ভূইয়া (৪৭), নরসিংদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক আবু হানিফ সজিব (৩৮), বিলাসদী এলাকার ইনসান (৪০) ও শরীফ (৩৮) এবং শিবপুর উপজেলার পুটিয়া গ্রামের মোশারফ হোসেন (৪৯)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে একটি চেক-সংক্রান্ত মামলায় হাজিরা দিতে লিখন তালুকদার তার বন্ধু শাকিল খানকে সঙ্গে নিয়ে নরসিংদী আদালতে যান। আদালতে হাজিরা শেষে বের হওয়ার সময় মাসুদ রানা বাবুলের নেতৃত্বে কয়েকজন তাকে জোরপূর্বক তুলে নিয়ে একটি কক্ষে আটকে রাখে।

ভুক্তভোগীর অভিযোগ, সেখানে তাকে বেধড়ক মারধর করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে স্ত্রী সায়মা শাহীন রিয়াকে কল করে নির্যাতনের শব্দ শোনানো হয় এবং টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, স্বামীকে রক্ষায় বাধ্য হয়ে তার স্ত্রী রিয়া নিজের ব্যাংক হিসাব থেকে অপহরণচক্রের প্রধান মাসুদ রানা বাবুলের দেওয়া ০১৭১১-৭০৮১২২ নাম্বারে ২০ হাজার, ০১৯৫৯-১৬৩৭৮৪ নাম্বারে ২০ হাজার, ০১৩০৮-৩৩৫৩৩৭ নাম্বারে ২০ হাজার, ০১৬৭২-৬০১৭০১ নাম্বারে ১৮ হাজার, ০১৮৯৭-২২৭২৬৩ নাম্বারে ২০ হাজার ও ০১৯৫৪-২৪৯৯২০ নাম্বারে ২০ হাজারসহ সর্বমোট এক লাখ ১৮ হাজার টাকা পাঠান। টাকা পাওয়ার পর লিখন তালুকদারকে ছেড়ে দেওয়া হয়। তবে বিষয়টি পুলিশকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

মুক্তি পাওয়ার পর লিখন তালুকদার নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেন। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বন্ধু শাকিল খান বলেন, আদালতের ম্যাজিস্ট্রেটের কক্ষ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন ব্যক্তি তাদের ঘিরে ধরে। তাদের মধ্যে বাবুল, ইনসান ও শরীফকে তিনি চিনতে পেরেছেন বলে দাবি করেন। তিনি বলেন, অভিযুক্তরা লিখনকে জোরপূর্বক টানতে টানতে “সিএনজি রেডি কর” বলে নির্দেশ দেয়। তার দাবি, বাবুলের গলায় “অপরাধ কণ্ঠ” লেখা একটি পরিচয়পত্র ছিল এবং হাতে একটি টেলিভিশনের লোগোসংবলিত মাইক্রোফোন ছিল। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন।

এদিকে স্থানীয় একাধিক সূত্রের ভাষ্য, মাসুদ রানা বাবুল দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও আইডি পরিচালনা করে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হয়রানি ও ব্ল্যাকমেইল করার অভিযোগের মুখে রয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও স্থানীয় সূত্রগুলো দাবি করেছে।

স্থানীয় সূত্র আরও দাবি করেছে, তিনি নিজেকে মাদকবিরোধী আন্দোলনের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং নরসিংদী সদর প্রেস ক্লাবের সভাপতি পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তারের চেষ্টা করে থাকেন। এসব দাবির সত্যতা সম্পর্কে সংশ্লিষ্ট সংগঠনগুলোর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, মাসুদ রানা বাবুল একটি সংঘবদ্ধ চক্রের সদস্যদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন এবং সুযোগ বুঝে বিভিন্ন ব্যক্তিকে ব্ল্যাকমেইল ও হয়রানির চেষ্টা করেন। এসব অভিযোগের সূত্র ধরেই স্থানীয়দের কাছে তিনি ‘সিএনজি সাংবাদিক’ নামে পরিচিতি পেয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মাসুদ রানা বাবুলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, “লিখিত অভিযোগের ভিত্তিতে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।”

নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বলেন, “ঘটনাটি আমার নজরে এসেছে। তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”