ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চরমান্দালীয়া ইউনিয়নের সাধারণ ও মেহনতি মানুষের পাশে থেকে জনসেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমান।

চরমান্দালীয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পরিচিত মুখ মোহাম্মদ সোলাইমান দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্রজীবন থেকেই তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে আসছেন। তিনি চরমান্দালীয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ সোলাইমান দাবি করেন, দলের কঠিন সময়ে রাজপথে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি একাধিকবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। এ সময় তাকে জেল-জুলুম ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে চারটি রাজনৈতিক মামলা রয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, “ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, মানুষের সেবাই আমার মূল লক্ষ্য। চরমান্দালীয়া ইউনিয়নের মেহনতি মানুষের অধিকার রক্ষা, তাদের সুখে-দুঃখে পাশে থাকা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। বিশেষ করে ৭ নম্বর ওয়ার্ডসহ পুরো ইউনিয়নের মানুষের পাশে ছায়ার মতো থাকতে চাই।”

স্থানীয়দের একটি অংশের ভাষ্য, জনসেবামূলক কর্মকাণ্ড ও রাজনৈতিক সম্পৃক্ততার কারণে মোহাম্মদ সোলাইমান ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পরিচিতি অর্জন করেছেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন বলে প্রত্যাশা করছেন তার সমর্থকরা।