আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

টানা কয়েক দিনের বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নেয়। নালা-ড্রেনে বছরের পর বছর জমে থাকা ময়লা-আবর্জনার কারণে বৃষ্টির পানি নিষ্কাশন বন্ধ হয়ে পড়ে। ফলে রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়, কোথাও কোথাও বাড়ির আঙিনায়ও পানি জমে। চরম দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, শিশু ও বৃদ্ধদের চলাচল হয়ে পড়ে কষ্টসাধ্য। জলাবদ্ধতার সঙ্গে দুর্গন্ধ ছড়িয়ে অস্বাস্থ্যকর পরিবেশও তৈরি হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নালা-ড্রেন পরিষ্কার না হওয়ায় প্রতি বর্ষাতেই একই দুর্ভোগের শিকার হতে হয়। বারবার সমস্যা দেখা দিলেও কার্যকর উদ্যোগের অভাবে পরিস্থিতির কোনো স্থায়ী সমাধান হয়নি।

এ অবস্থায় এলাকাবাসী বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতা শাহ মো. ইব্রাহিম মিয়ার নজরে আনেন। খবর পাওয়ার পর তিনি দ্রুত নালা-ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেন। তাঁর সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার (১৭ জুলাই) সুহিলপুর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

পরিষ্কার কার্যক্রমে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হলে পানি দ্রুত নিষ্কাশন হতে শুরু করে। এতে জলাবদ্ধতা অনেকটাই কমে আসে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তিও লাঘব হয়।

এ সময় সুহিলপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উপস্থিত ছিলেন সুহিলপুর ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি দুলাল খন্দকার, সহ-সভাপতি ও সদর উপজেলা সদস্য জামাল আহমেদ নিরবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে নালা-ড্রেনের ময়লা জমে থাকায় সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। দুর্গন্ধে পরিবেশও অসহনীয় হয়ে উঠেছিল। বিষয়টি জানার পর শাহ মো. ইব্রাহিম মিয়া দ্রুত ব্যবস্থা নেওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। স্থানীয়রা তাঁর এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, প্রবাসে অবস্থান করলেও এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেন শাহ মো. ইব্রাহিম মিয়া। সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার কৃতিসন্তান শাহ মো. ইব্রাহিম মিয়া ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি সাবেক ছাত্রনেতা, যুবদল নেতা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সদর থানার সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন। বিএনপির কঠিন সময়ে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, যুক্তরাজ্য শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নিজ এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে নিয়মিত সহযোগিতা করে আসছেন।