ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদী ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশিতা। সরকারের এক প্রশাসনিক আদেশে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

সংসদ সদস্য হিসেবে নরসিংদীর উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি এবার জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নেও সরাসরি ভূমিকা রাখার সুযোগ পেলেন তিনি। তার এ দায়িত্বপ্রাপ্তির খবরে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, এমপি সেলিনা সুলতানা নিশিতার নেতৃত্বে নরসিংদী ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করা, হাসপাতালের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন অনেকে।

নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে জেলার স্বাস্থ্যখাত আরও সমৃদ্ধ হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে বিভিন্ন মহল তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।