আবদুর রহমান
সম্পাদক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্প দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চমূল্য সংযোজনভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির অন্যতম প্রধান খাত। এ শিল্পের বিকাশে সরকার বিনিয়োগবান্ধব নীতি, কর ও শুল্ক সুবিধা, স্টার্টআপ সহায়তা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে কাজ করছে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ের বাংলাদেশ নভোথিয়েটারে আয়োজিত ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই ও রোবোটিক্স (BEAR) সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এ সামিটের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণা, উদ্ভাবন ও শিল্পখাতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। এ লক্ষ্যে সরকার প্রযুক্তিনির্ভর শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী দুই দিনব্যাপী সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্স প্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী গবেষক, উদ্যোক্তা ও শিল্পসংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।