
আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে এক নারীর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ভাগ্নে লিটন চন্দ্র দেব বাদী হয়ে সুলতানপুর বাজার এলাকার ইমন মিয়া ও তার মা’সহ জড়িতদের বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাধানগর থেকে সিএনজিচালিত অটোরিকশায় সুলতানপুর আসার পথে অভিযুক্তরা ওই নারীকে নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে। পরবর্তীতে সুলতানপুর সোহরাব খানের বাড়ির সামনে তাকে নামিয়ে জিম্মি করে ১,২০,০০০ টাকা মূল্যের ৮ আনা ২ রতি স্বর্ণালঙ্কার এবং নগদ ২০,০০০ টাকা কেড়ে নিয়ে হুমকি দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় প্রতারণা ও ছিনতাই করে আসছে। এমনকি এর আগেও একইভাবে প্রতারণা করতে গিয়ে এক নারীকে হত্যা করার গুরুতর অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

