আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকা থেকে ধারালো ছুরিসহ মতিন নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত আনুমানিক ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের ২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মতিনের পিতা হান্নান। তিনি বর্তমানে কাজীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকলেও তার স্থায়ী বাড়ি নবী নগর থানা এলাকায় বলে জানা গেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে কাজীপাড়াসহ আশপাশের এলাকায় ছিনতাই করে আসছিলেন। এছাড়া তার বিরুদ্ধে মাদক সেবন ও মাদক পরিবহনের অভিযোগও রয়েছে।

২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের আমার ফাঁড়ির আওতাধীন এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, সন্ত্রাসী, চোর, ডাকাত কিংবা অন্য কোনো অপরাধীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমার লক্ষ্য ফাঁড়ির আওতাধীন প্রতিটি এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ হিসেবে গড়ে তোলা। এ কাজে শুধু পুলিশের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়।

সমাজসেবী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বোপরি সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। যে কোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। জনগণের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরকে একটি নিরাপদ ও অপরাধ মুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।

তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।