আবদুর রহমান
সম্পাদক

সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বিভাগটি বলেছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিষ্পত্তি করেছে। ফলে এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।

সোমবার এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে প্রকৃত অভিযোগ থাকলে তিনি প্রয়োজনীয় প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং গ্রাহকের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রমাণ ছাড়া শুধুমাত্র জনমনে বিভ্রান্তি সৃষ্টি বা অপপ্রচারের উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত মিথ্যা তথ্য প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুৎ বিভাগ জনগণকে যাচাই-বাছাই ছাড়া গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার ও বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রকৃত কোনো অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।