আবদুর রহমান
সম্পাদক

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়া এবং জুলাই আন্দোলনের অর্জন নিয়ে তীব্র সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

আজ সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তাঁর ভাষ্য, শেখ হাসিনার পদত্যাগ ঘটলেও ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ অবসান হয়নি। তিনি দাবি করেন, কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়িত না হওয়ায় জনগণের প্রত্যাশিত পরিবর্তনও আসেনি।

তিনি বলেন, আন্দোলনের সময় যারা একসঙ্গে ছিলেন, তাদেরই একটি অংশ পরবর্তীতে সংস্কার কার্যক্রমের বিরোধিতা করেছে। তাঁর অভিযোগ, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো দলীয়করণ, দুর্নীতি ও চাঁদাবাজি বিদ্যমান। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও প্রত্যাশিত উন্নতি আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

সরকার ও বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পার হলেও জনগণ দৃশ্যমান পরিবর্তন দেখতে পায়নি। একই সঙ্গে গত দুই বছরে সংস্কার প্রশ্নে বিএনপির ভূমিকাও সমালোচনার মুখে তোলেন তিনি। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতিতে ঘুষ, দুর্নীতি ও অনিয়ম আগের মতোই অব্যাহত রয়েছে।

আলোচনা সভায় শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে সরকারের উদ্যোগেরও সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের রাষ্ট্রীয় সম্পদ হিসেবে মর্যাদা দেওয়া উচিত ছিল। কিন্তু তাঁদের কল্যাণে এখনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

বক্তব্যের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে একটি কঠোর মন্তব্যও করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে। এ বিষয়ে তিনি দলীয় নেতাকর্মী ও শহীদ পরিবারের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু এমপি, মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম এমপি এবং শহীদ পরিবারের প্রতিনিধিরা। আলোচনায় জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধারাও তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।