
আবদুর রহমান
বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, অনলাইন প্রতারণা দমন, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ও যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির-এর সঙ্গে রাইলে পামারট্রি এর নেতৃত্বে এফবিআইয়ের দুই সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
পুলিশ সদর দপ্তর জানায়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা আরও শক্তিশালী করা, সাইবার স্ক্যাম ও অনলাইন প্রতারণা প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে এফবিআইয়ের কারিগরি সহায়তা ও অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে উভয় সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান ও সক্ষমতা উন্নয়নমূলক কার্যক্রম বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে আইজিপি বলেন, আন্তঃদেশীয় সাইবার অপরাধ ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার বিকল্প নেই। তিনি এফবিআইয়ের সঙ্গে বাংলাদেশ পুলিশের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, সাইবার প্রতারণা ও ভুয়া তথ্য প্রচার রোধে এফবিআইয়ের সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।
উভয় পক্ষ ভবিষ্যতে সাইবার নিরাপত্তা, প্রযুক্তিনির্ভর তদন্ত, আর্থিক অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ সহযোগিতা আরও কার্যকর ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

