
মেহেদী হাসান
দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য সংসার, দুটি সন্তনের অনিশ্চিত ভবিষ্যৎ এবং সারাজীবনের উপার্জিত সঞ্চয় হারিয়ে চরম মানবেতর ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন আফতাব উদ্দিন নামের এক ভুক্তভোগী স্বামী। তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের একজন প্রশাসনিক কর্মকর্তা। অভিযোগ উঠেছে, প্রথম স্বামীকে আইনিভাবে কোনো তালাক না দিয়েই গোপনে এক ইতালি প্রবাসীকে বিয়ে করেছেন তাঁর স্ত্রী, যিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
চাঞ্চল্যকর এই ঘটনায় প্রতারণা, টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। একই সাথে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
নথিসূত্রে জানা যায়, রায়পুরা উপজেলার ব্রামনেরটেক মরজাল গ্রামের বাসিন্দা আফতাব উদ্দিনের সাথে প্রায় ১৮ বছর আগে শিবপুরের জয়নগর এলাকার মৃত শাফি উদ্দিনের মেয়ে কোহিনূর আক্তার (৪৫)-এর বিয়ে হয়। তাঁদের সংসারে ১৪ বছর বয়সী এক ছেলে এবং ১১ বছর বয়সী এক মেয়ে রয়েছে। কোহিনূর বর্তমানে শিবপুরের ৫৪ নম্বর পাহাড় জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত।
মামলার আরজি ও ভুক্তভোগী আফতাব উদ্দিনের ভাষ্যমতে, চাকরির সুবাদে স্ত্রী বাপের বাড়িতে থাকার সুযোগে স্থানীয় ইতালি প্রবাসী আবুল কালাম আজাদের (৪৩) সাথে পরকীয়ায় লিপ্ত হন। জমি ক্রয়সহ পারিবারিক নানা অজুহাতে গত ৩ বছরে তিনি স্বামীর কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রেমিককে দেন এবং ঘরের ৫ ভরি স্বর্ণালঙ্কার গায়েব করেন। গত কোরবানির ঈদে স্ত্রীকে ভিডিও কলে প্রবাসীর সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেললে বিষয়টি প্রকাশ্যে আসে। পরবর্তীতে কোনো বৈধ আইনি বিচ্ছেদ ছাড়াই কোহিনূর ওই প্রবাসীকে বিয়ে করেন বলে জানা যায়।
ভুক্তভোগী আফতাব উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি আমার সারাজীবনের সঞ্চয় স্ত্রীর হাতে তুলে দিয়েছিলাম। সে আমার সব টাকা আত্মসাৎ করে আমাকে নিঃস্ব বানিয়ে দিয়েছে। একজন শিক্ষক হয়ে যিনি এমন অপকর্ম করতে পারেন, তিনি শিক্ষার্থীদের কী শিক্ষা দেবেন? আমি এর সুষ্ঠু বিচার চাই।”আফতাব উদ্দিনের বাবা বৃদ্ধ মোঃ দানিস মিয়া আফসোস করে বলেন, “আমার ছেলে কোনো নেশা বা জুয়ায় যুক্ত ছিল না। দুটি অবুঝ নাতনিকে ফেলে একটি মেয়ে লোক মাস্টার হয়ে কীভাবে অন্য লোকের কাছে চলে গেল, তা ভেবে পাচ্ছি না।”
তবে পরকীয়া ও টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষিকা কোহিনূর আক্তার। তাঁর দাবি, দীর্ঘ ১৮ বছরের বিবাহিত জীবনে তিনি তীব্র মানসিক ও শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন।
কোহিনূর আক্তার বলেন, “স্বামীর ক্রমাগত মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আমি স্বাধীনভাবে বাঁচার জন্য তাকে ডিভোর্স দিয়েছি। ডিভোর্সের পর আমি দ্বিতীয় বিয়ে করেছি। এখন আমি আরেকজনের বিবাহিত স্ত্রী।”তবে ডিভোর্সের আইনি কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হয়ে পরবর্তীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মুঠোফোনে তিনি কিছুটা ভিন্ন সুরে বলেন, “আমি পরকীয়া করছি দেইখাতো… পরকীয়া করছি, ডিভোর্স দিছি, ডিভোর্স দিয়া জানাইছি হে বিয়া বইছি। হেরলাইগা তো মামলা দিছে কোর্টে।”
আইনি নিষ্পত্তি ছাড়া এবং বহুবিবাহের মতো নৈতিক অবক্ষয়ের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর মতে, “একজন শিক্ষকের কাছ থেকে সমাজ এটি আশা করে না। সরাসরি সমস্যা সমাধান করতে পারতেন, কিন্তু এভাবে সংসার ভেঙে অন্য জায়গায় যাওয়া এবং প্রতারণা করা দৃষ্টিকটু। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সামাজিক নৈতিকতার স্বার্থে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার বা বরখাস্ত করা উচিত।”
প্রতারণার শিকার হয়ে আফতাব উদ্দিন শিবপুর সি. আর. আদালতে দণ্ডবিধির ৪৯৭, ৫০৬(২) ও ৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ৬৩০/২০২৬)। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিষয়টির সত্যতা যাচাইয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
পরবর্তীতে মামলা করায় আসামিরা তাঁকে প্রাণনাশের হুমকি ও হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগে আফতাব উদ্দিন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে ১০৭/১১৪/১১৭(গ) ধারায় আরেকটি মামলা দায়ের করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, “বিষয়টি ফৌজদারি অপরাধের আওতাভুক্ত। আদালতে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সরকারি বিধি অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হবে এবং বিভাগীয় মামলা রুজু হবে। এছাড়া শিক্ষক হিসেবে তাঁর বিরুদ্ধে নৈতিক চরিত্রহননের লিখিত অভিযোগের বিষয়টিও তদন্তাধীন। তদন্তে সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

