মোঃ মোবারক হোসেন
নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহানের সম্মানে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা রাজস্ব প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো হাবিবুর রহমান, চন্দনবাড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলিম উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আরিফ বিন জাহিদ, পুটিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেনসহ ভূমি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া বলেন, ইউএনও এম এ মুহাইমিন আল জিহানের নেতৃত্বে মনোহরদীর ভূমি প্রশাসনে সেবার মান ও কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে। তিনি সবসময় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়েছেন।

তাঁর কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্ব প্রশাসনের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।বিদায়ী অনুভূতি প্রকাশ করে ইউএনও এম এ মুহাইমিন আল জিহান বলেন, মনোহরদীতে দায়িত্ব পালন তাঁর কর্মজীবনের একটি গর্বের অধ্যায়। এখানকার জনগণ, সহকর্মী এবং রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা ও আন্তরিকতা তিনি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।

বদলি সরকারি চাকরির স্বাভাবিক নিয়ম হলেও মনোহরদীর মানুষের ভালোবাসা ও কর্মপরিবেশ তাঁর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন কর্মস্থলেও নিষ্ঠা, সততা ও দায়বদ্ধতার সঙ্গে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের শেষপর্বে রাজস্ব প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। একই সঙ্গে সম্প্রতি বদলিজনিত কারণে বিদায় নেওয়া ভূমি অফিসের কর্মকর্তাদেরও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। উপস্থিত বক্তারা ইউএনওর সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মজীবন এবং নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন।