
ওমর ফারুক
নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর পূর্বপাড়া এলাকায় এক প্রবাসীর ওপর প্রকাশ্যে হামলা চালিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী প্রবাসী লাদেনের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার রবিন, কিরণ, রায়হান, সাহাদ ও বাসেদ পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। হামলার সময় তাকে বেধড়ক মারধর করা হয় এবং লেবু বিক্রির নগদ ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও তারা হামলা চালিয়ে তাদের বাড়ি থেকে প্রায় দেড় ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় পলাশ থানায় ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়া গেছে এবং প্রবাসীর ওপর হামলার ঘটনার সত্যতা প্রাথমিকভাবে পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
একজন রেমিট্যান্সযোদ্ধার ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী, তার পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
#
রিপোর্ট
সাব্বির আহমেদ
নরসিংদী টিভি

