হারুন শেখ
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় রামপালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আরেকটি মানবিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

জানা যায়, চরম দারিদ্র্যের কারণে সংসারের ব্যয় নির্বাহ করতে বাধ্য হয়ে মাথার চুল বিক্রি করেন রামপাল উপজেলার এক অসহায় নারী রেহানা খাতুন। তার এই মানবেতর জীবনযাপনের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আসে।

ঘটনাটি জানার পরপরই প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে ওই নারীর জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দেন। পরে স্থানীয় প্রশাসন ও প্রতিনিধিদের মাধ্যমে রেহানা খাতুনের জন্য মাথা গোঁজার ঠাঁই, খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়। এতে করে দীর্ঘদিনের কষ্টে থাকা রেহানা খাতুন ও তার পরিবারের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা অপু রায়হানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ।

প্রতিমন্ত্রীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, এ ধরনের সহায়তা সমাজের অসহায় মানুষের জন্য আশার আলো জাগায় এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।