ওমর ফারুক
বার্তা সম্পাদক


 

“গাছ লাগাই, পরিবেশ বাঁচাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর চিনিশপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২০২৬ সালের এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাবেক ভিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শিরীন সুলতানা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেককে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যায়ও এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে তাদের উৎসাহিত করার পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল ও দেশ গঠনে ভূমিকা রাখার জন্য অনুপ্রাণিত করা সম্ভব।

পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। একই সঙ্গে কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে চিনিশপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।