ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল চানপুর ইউনিয়নের সওদাগর কান্দি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছে সম্প্রতি নিহত মোমেন মিয়ার পরিবার।

একই সঙ্গে নিরাপত্তাহীনতার কারণে এলাকাছাড়া পরিবার ও স্থানীয় ভুক্তভোগীদের নিরাপদে নিজ নিজ বাড়িতে ফেরার পরিবেশ তৈরিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে রায়পুরা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানান নিহত মোমেন মিয়ার ছোট ভাই আমিন মিয়া।

লিখিত বক্তব্যে আমিন মিয়া অভিযোগ করেন, গত ২ আগস্ট পূর্ববিরোধের জেরে ফরিদ গ্রুপের লোকজন তাদের বাড়িতে প্রবেশ করে তার বড় ভাই মোমেন মিয়াকে (৫৫) গুলি করে হত্যা করে।

এ ঘটনায় পরদিন ৩ আগস্ট তিনি বাদী হয়ে ৬৩ জনকে আসামি করে রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে দাবি করে তিনি বলেন, ওই রাতেই ফরিদ গ্রুপের প্রায় ১০০ থেকে ১৫০ জন লোক অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।

আতঙ্কে পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এরপর থেকে তারা এলাকাছাড়া অবস্থায় নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

আমিন মিয়া আরও অভিযোগ করেন, মঙ্গলবার (১১ আগস্ট) প্রশাসনের পক্ষ থেকে এলাকায় যৌথ অভিযান পরিচালনার পর প্রতিপক্ষের লোকজন তাদের খালি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

একই সময়ে সওদাগর কান্দি চকবাজারে হেলাল মিয়া ও রুহুল আমিন সরকারের দোকান থেকেও মালামাল লুটের অভিযোগ করেন তিনি।তিনি বলেন, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের খবর পেয়ে কয়েকজন ভুক্তভোগী গোপনে এলাকায় গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়।

এতে গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। আহতদের মধ্যে মৃত উসমান মিয়ার ছেলে বশির (৩০) ও নিহত মোমেন মিয়ার মেয়ে তানিয়া (২৪) গুলিবিদ্ধ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়।

এছাড়া মৃত সিরাজুল হকের ছেলে সাইফুল হক (৪৭) ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মোসলেম মিয়ার ছেলে সগির (৩২) হামলায় আহত হয়েছেন বলেও জানানো হয়।সংবাদ সম্মেলনে আমিন মিয়া বলেন, একের পর এক হামলা ও সহিংসতার ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবারসহ এলাকার ভুক্তভোগীরা নিজ বাড়িঘরে ফিরতে পারছেন না।

এ অবস্থায় সওদাগর কান্দি এলাকায় দ্রুত অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানান তিনি।তিনি বলেন, “হামলার পর হামলার শিকার হয়ে কোনো কূলকিনারা না পেয়ে আমরা সাংবাদিকদের দ্বারস্থ হয়েছি।

গণমাধ্যমের মাধ্যমে আমাদের অসহায়ত্বের চিত্র প্রশাসন ও সংশ্লিষ্টদের নজরে আনতে চাই।”এ সময় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের দৃষ্টি আকর্ষণ করে আমিন মিয়া বলেন, “আপনি কোনো একটি গোষ্ঠীর একক নেতা নন, আপনি পুরো রায়পুরাবাসীর নেতা।

আমরা ভুক্তভোগী মানুষ আপনার সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করছি।”সংবাদ সম্মেলনে নিহত মোমেন মিয়ার পরিবারের সদস্যসহ স্থানীয় ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

তারা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করে এলাকাছাড়া পরিবারগুলোকে নিজ নিজ বাড়িতে ফেরার সুযোগ করে দেওয়ার দাবি জানান।