মোঃ মোবারক হোসেন
নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর মনোহরদী উপজেলার রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কায়সার আহমেদ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছেন। মাদক, অনলাইন জুয়া, সন্ত্রাস, দুর্নীতিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা জানিয়েছেন তিনি।

এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে পুলিশ। বিভিন্ন এলাকায় পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

বিশেষ করে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কায়সার আহমেদ। তিনি বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে।

একইভাবে অনলাইন জুয়ার কারণে তরুণদের একটি অংশ অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কায়সার আহমেদ বলেন, “এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। মাদক, অনলাইন জুয়া, সন্ত্রাস ও যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক, আইন সবার জন্য সমান।”

অপরাধ দমনের পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধেও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে বলে জানান রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ। স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতা তৈরিতে কাজ করছে পুলিশ। এ ক্ষেত্রে স্থানীয়দের সহযোগিতাও কামনা করেছেন তিনি।

ছাত্রলীগ নেতা শামীমকে গ্রেপ্তার নিয়ে ভিন্ন বক্তব্য

এদিকে মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি হিসেবে পরিচিত শামীমকে গ্রেপ্তার করে পরে ছেড়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় কয়েকজনের দাবি, শামীমকে গ্রেপ্তারের উদ্দেশ্যেই পুলিশ সেখানে গিয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি মোটরসাইকেল রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তার ছোট ভাই এসে মোটরসাইকেলটি নিয়ে যায় বলেও স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন।

তবে শামীমকে পুলিশ গ্রেপ্তার করে পরে ছেড়ে দিয়েছে, এমন অভিযোগের পক্ষে কোনো প্রত্যক্ষ সাক্ষী বা সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ফলে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য থাকায় প্রকৃত ঘটনা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে।

শামীমকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে কায়সার আহমেদ বলেন, “শামীমকে গ্রেপ্তারের উদ্দেশ্যেই পুলিশ সেখানে গিয়েছিল। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। তাকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার যে অভিযোগ উঠেছে, সেটি সঠিক নয়।”

তিনি আরও বলেন, “কাউকে গ্রেপ্তার করা হলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই ব্যবস্থা নেওয়া হয়। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে গোপনে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। এ বিষয়ে কারও কাছে তথ্য বা প্রমাণ থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে পারেন।”

এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক, অনলাইন জুয়া, সন্ত্রাসসহ যেকোনো অপরাধের তথ্য পুলিশের কাছে জানালে তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও জরুরি। একই সঙ্গে কোনো অভিযোগ উঠলে তা যাচাই-বাছাই করে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।