
ওমর ফারুক
নরসিংদীর রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই ঘটনায় রায়পুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন ভূইয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রায়পুরা ইউনিয়ন পরিষদের সামনে আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর অনুসারী হিসেবে পরিচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন আলীর সমর্থকরা মানববন্ধন করেন। ফারুক হোসেন আলীকে আদালতে হাজিরার পর কারাগারে পাঠানোর প্রতিবাদে এ মানববন্ধন করা হয়।
স্থানীয় সূত্র জানায়, মানববন্ধন চলাকালে রায়পুরা উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেলযোগে চেয়ারম্যান ফারুক হোসেন আলীর বাড়ির দিকে গেলে সেখানে চেয়ারম্যানের সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং বিএনপির কয়েকজন নেতাকর্মীকে মারধরের অভিযোগ ওঠে।
এ ঘটনায় আহতরা হলেন—রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, কাচারিকান্দি এলাকার রিমন আহম্মদ ও ফকিরেরচর এলাকার জাহাঙ্গীর আলম।
আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত আমির হোসেন আমুকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠান।
এদিকে, রায়পুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন ভূইয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। আল মামুন ভূইয়া অভিযোগ করেন, ফারুক হোসেন আলীকে আদালত কারাগারে পাঠানোর পর তার অনুসারীরা মানববন্ধন করেন। পরে বিএনপির নেতাকর্মীরা এলাকায় গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এরই মধ্যে তার বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে চেয়ারম্যান ফারুক হোসেন আলীর বাড়ি ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বাড়ি পরিদর্শন করা হয়েছে। চেয়ারম্যানের বাড়ির গেট ও ভেতরে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া চেয়ারম্যানের বাড়ি অতিক্রম করার সময় লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মোটরসাইকেলের বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা টিএম ফরিদুল আলম বলেন, ফারুক হোসেন আলীকে আদালত কারাগারে পাঠানোর পর তার অনুসারীরা মানববন্ধনের চেষ্টা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নেতারা মামুদপুর এলাকায় গেলে চেয়ারম্যানের অনুসারীরা তাদের ওপর হামলা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সোমবার (১৭ আগস্ট) একটি মামলায় হাজিরা দিতে নরসিংদী আদালতে যান রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন আলী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তার অনুসারীরা এর প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেন। এ ঘটনাকে কেন্দ্র করেই মঙ্গলবার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

