নিউজ ডেস্ক
নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের চুলা গ্রামে রাজনৈতিক প্রভাবের নাম ভাঙিয়ে ভূমি দখল, সরকারি স্থাপনা ও ড্রেন দখলের চেষ্টা, বিচার-শালিসের নামে অর্থ আদায় এবং সরকারি ভাতা-কার্ড দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দ্বীন মোহাম্মদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
তার এমন কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
দীর্ঘদিন ধরে এলাকায় দালালি ও জমিজমা সংক্রান্ত বিরোধে মধ্যস্থতার নামে প্রভাব বিস্তার করে আসছেন দ্বীন মোহাম্মদ। অতীতে একটি রাজনৈতিক দলের প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় দিয়ে এলাকায় নিজের প্রভাব বিস্তার করলেও বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তিনি স্থানীয় বিএনপি নেতা ও সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের নাম ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট জমির মালিকানা ও সরকারি সম্পত্তির অবস্থান নির্ধারণে প্রশাসনিক তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
ভুক্তভোগী পরিবারের দাবি, গোতাশিয়া ইউনিয়নের চুলা মৌজার জে.এল নং-১৫৪, আরএস ২৪৯৭ খতিয়ানের ৮০১৭ নং দাগে থাকা যৌথ ও ইজমালি জমিতে দীর্ঘদিন ধরে তারা স্বত্ব ও ভোগদখলে রয়েছেন। ওই জমি নিয়ে বিরোধের সুযোগ নিয়ে দ্বীন মোহাম্মদ কথিত বায়না দলিলের বিষয় সামনে এনে জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তারা।
সম্প্রতি ওই জমির বিভিন্ন অংশে বাঁশের বেড়া ও খুঁটি স্থাপন করে দখলের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে জমি ভোগ করে আসা পরিবারগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
জমির প্রকৃত মালিকানা ও দখল নিয়ে বিরোধ থাকলে তা আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়ার কথা। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের সরেজমিন তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা দাবি করেছেন তারা।
শুধু ব্যক্তিমালিকানাধীন জমি নয়, ওই এলাকার একটি সরকারি ড্রেন নিয়েও দ্বীন মোহাম্মাদের বিরুদ্ধে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
ড্রেনটি দীর্ঘদিন ধরে এলাকার পানি নিষ্কাশনে ব্যবহৃত হয়ে আসছে। এর পাশাপাশি স্থানীয় মসজিদ ও সাধারণ মানুষের ব্যবহৃত পাকা টয়লেট এবং প্রস্রাবখানার জায়গাও নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারীরা আরও জানান, জনসাধারণের চলাচলের জায়গায় ধানসহ বিভিন্ন সামগ্রী ফেলে পথ সংকুচিত করা হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। সরকারি সম্পত্তি ও জনসাধারণের ব্যবহৃত জায়গা দখলের অভিযোগটি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ, এলাকায় জমিজমা ও পারিবারিক বিরোধ সৃষ্টি হলে দ্বীন মোহাম্মাদ নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে উপস্থাপন করে সমাধানের নামে মধ্যস্থতা করার চেষ্টা করেন। বিভিন্ন পক্ষকে তার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য করা এবং পরে বিচার-শালিসের নামে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে।
বর্তমানে সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের নাম ব্যবহার করে তিনি বিভিন্ন বিচার-শালিসে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
তবে সংসদ সদস্যের সঙ্গে দ্বীন মোহাম্মাদের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে কি না কিংবা তার নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগতভাবে সুবিধা নিচ্ছেন কি না এ বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এলাকাবাসীর আরও অভিযোগ, দরিদ্র, অসহায় ও বিধবা নারীদের সরকারি ভাতা বা ‘বিধবা কার্ড’সহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। অনেকেই টাকা দেওয়ার পরও প্রতিশ্রুত সুবিধা পাননি বলে অভিযোগ করেছেন।
ভুক্তভোগীদের দাবি, সরকারি কোনো ভাতা বা কার্ড পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সরকারি প্রক্রিয়া রয়েছে। কিন্তু সেই প্রক্রিয়া সম্পর্কে অসচেতন মানুষকে নানা প্রলোভন দেখিয়ে টাকা নেওয়া হয়ে থাকলে তা প্রতারণার শামিল। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন তারা।
ভুক্তভোগীদের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধ, দখলের চেষ্টা ও বিভিন্ন অনিয়মের বিষয়ে ইতোমধ্যে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় এবং জেলা প্রশাসকের কাছেও লিখিত আবেদন দেওয়া হয়েছে বলে জানান তারা।
অভিযোগকারীদের ভাষ্য, প্রশাসনিক পর্যায়ে অভিযোগ দেওয়ার পরও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ফলে তারা আরও বেপরোয়া হয়ে উঠছেন বলে অভিযোগ রয়েছে।
কোনো ব্যক্তি রাজনৈতিক দলের নাম, জনপ্রতিনিধির পরিচয় কিংবা রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি, জমি দখল বা অর্থ আদায় করতে পারেন না। তাই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসী বলেন, ব্যক্তিগত জমির মালিকানা, সরকারি ড্রেন কিংবা জনসাধারণের ব্যবহৃত স্থাপনা—সবকিছুর বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে প্রশাসনের পক্ষ থেকে সরেজমিন তদন্ত করা জরুরি। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া উচিত।
একই সঙ্গে সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের নাম কেউ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ঊর্ধ্বে থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করবে।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা ব্যক্তিগত জমি ও সরকারি সম্পত্তি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে দ্বীন মোহাম্মাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

