তানভীর আহমেদ শাওন
বিশেষ প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পথসভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল। এতে জেলা ও বিভিন্ন উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সকালে নরসিংদী জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে জমায়েত হতে থাকেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন, রঙ-বেরঙের প্লেকার্ড ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসিরের নেতৃত্বে কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির বলেন, “প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি মেনে যেকোনো প্রতিকূলতায় জীবন বাজি রেখে আমরা কাজ করে যাব। স্বৈরাচারবিরোধী আন্দোলনে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দল সর্বোচ্চ ভূমিকা রেখেছে। সংগঠনে যেন কোনো অনুপ্রবেশকারী বা হাইব্রিড সুযোগ নিতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। আগামীতেও শীর্ষ নেতাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে রাজপথে থাকবো।”

কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ রক্ষায় চারা রোপণসহ সেবামূলক কাজ পরিচালনা করেন কর্মীরা। সংগঠনটির জেলা সাংগঠনিক সম্পাদক জানান, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তারা মাঠপর্যায়ে সক্রিয় আছেন এবং সামাজিক সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।

পথসভায় ২৪-এর গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে জেলা সদস্য সচিব বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে নরসিংদী জেলা ও রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবক দল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আন্দোলন-সংগ্রামে আমাদের প্রথম শহীদ রহিমসহ সকল সহযোদ্ধার আত্মত্যাগ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি।”

জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনসহ স্থানীয় জ্যেষ্ঠ নেতাদের দিকনির্দেশনায় এবং নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুসংগঠিত ও আনন্দঘন পরিবেশে দিনটির কর্মসূচি সমাপ্ত হয়।