ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদীতে থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে রাষ্ট্রবিরোধী ও বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে তাসিন হোসাইন তামিম (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দীর্ঘদিন ধরে তামিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবদুল কাদির মোল্লার পরিচয় ব্যবহার করে একটি ভুয়া অ্যাকাউন্ট পরিচালনা করে আসছিলেন। ওই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন বিতর্কিত ও রাষ্ট্রবিরোধী পোস্ট দেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যক্তিকে সাহায্য-সহযোগিতার আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগও পাওয়া গেছে।

গ্রেপ্তার তাসিন হোসাইন তামিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন পূর্ব বাজার এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি গ্রীন ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন তামিমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের নাম-পরিচয় ও ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট পরিচালনা এবং প্রতারণার অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার ও প্রতারণার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।