ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদী সদর উপজেলায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ১৩ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে। বিয়ের পর শ্বশুরবাড়িতে নির্যাতনের অভিযোগ এবং পরবর্তীতে পুনরায় সেখানে নেওয়ার সময় পালিয়ে গিয়ে বান্ধবীর বাসায় আশ্রয় নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

নরসিংদী সদর উপজেলার করিমপুর দক্ষিণপাড়ার অলি মিয়ার মেয়ে অথৈ আক্তার খাদিজা স্থানীয় একটি মহিলা মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে পার্শ্ববর্তী বাহেরচর এলাকার শাহ জালাল মিয়ার সঙ্গে পারিবারিকভাবে নোটারি পাবলিকের মাধ্যমে তার বিয়ে দেওয়া হয়।

কিশোরীর অভিযোগ, বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় শ্বশুরবাড়িতে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে বাবার বাড়িতে ফিরে এলেও সেখানেও মারধরের শিকার হওয়ার অভিযোগ করে সে।

সোমবার পুনরায় তাকে শ্বশুরবাড়িতে নেওয়ার সময় গাড়ি থেকে নেমে পালিয়ে যায় খাদিজা। পরে ভেলানগর এলাকায় এক বান্ধবীর বাসায় আশ্রয় নেয়। বিষয়টি জানতে পেরে বান্ধবীর পরিবারের সদস্যরা তাকে নরসিংদী মডেল থানায় নিয়ে যান। সেখান থেকে তাকে মহিলা বিষয়ক অধিদপ্তরে পাঠানো হয়।

পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি মো. কামরুজ্জামান সরকার জয়ের তত্ত্বাবধানে কিশোরীর পরিবার ও স্বামীর পক্ষের লোকজনের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করা হয়। নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এবং সদর থানার অফিসার ইনচার্জ এ আর এম আল-মামুনের নির্দেশনায় কিশোরীর নিরাপত্তা ও ভবিষ্যৎ বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিফতাহুল হাসানসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে আপাতত কিশোরীকে তার মায়ের জিম্মায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে এবং কিশোরীর বয়স ও নিরাপত্তা বিবেচনায় ভবিষ্যতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত না নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, “বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক ও আইনগত সমস্যা। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দিলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় এবং নানা ঝুঁকি তৈরি হয়। এ ধরনের ঘটনায় প্রশাসন কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোরীর নিরাপত্তা, শিক্ষা ও ভবিষ্যৎ বিবেচনায় বিষয়টি নজরদারিতে রাখা হবে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক ও স্থানীয় জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।