
মোঃ সেলিম রেজা তাজ
খুলনা বিভাগে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে ১৫টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) খুলনা বিভাগীয় ও বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের ৯টি টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেবা, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয় ভাউচার যাচাই করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর খালিশপুর থানার মেগার মোড় এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ব্যবহারের অপরাধে রায়হান লেজার ডেন্টাল কেয়ারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে মুক্তা ঘোষ ডেয়ারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার রেলবাজার ও মনিহার এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে মেসার্স গাজী স্টোরকে ২ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে কপোতাক্ষ এগ্রো সীডকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে সোনাডাঙ্গা ও দৌলতপুর থানার দৌলতপুর বাজার এবং ডাল মিল মোড় এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে দৌলতপুর ঘোষ ডেয়ারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে মুহাম্মদপুর উপজেলার কলেজ রোড বাজার এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে মেসার্স মায়ের দোয়া এগ্রো ফুডকে ৩০ হাজার টাকা এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে মেসার্স সারা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে দৌলতপুর ও মিরপুর উপজেলার বাজার এলাকায় অভিযান চালিয়ে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণের অপরাধে সেলিম হোটেলকে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে বাবলী এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে সদর উপজেলার এলজিইডি মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণের অপরাধে মিঠাই মিষ্টি ঘরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে সদর উপজেলার রূপগঞ্জ বাজারে অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে মেসার্স নড়াইল মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা এবং একই অপরাধে নিউ দাদাভাই মিষ্টান্ন ভাণ্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে সদর ও শৈলকূপা উপজেলার ভাটই বাজার এবং চর মুরারিদহ বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের অপরাধে লিমন হোটেলকে ১০ হাজার টাকা, আল ফুরকান সুইটসকে ৩ হাজার টাকা এবং মগের মুল্লুক হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সব মিলিয়ে অভিযানে ১৫টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

