
বিজয় কর রতন
কিশোরগঞ্জের অষ্টগ্রামে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি বিদ্যালয় ছুটির বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকেও অবহিত করা হয়নি বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে অষ্টগ্রাম উপজেলার মসজিদজাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছে। নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের কাউকেই সেখানে পাওয়া যায়নি।
বিদ্যালয় বন্ধ থাকার বিষয়ে প্রধান শিক্ষক শহিদুল হক খন্দকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দুপুর ২টায় ছুটি দেওয়ার বিষয়টি স্বীকার করেন।
তবে ছুটি দেওয়ার আগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক শিক্ষা কর্মকর্তাকে অবহিত না করার বিষয়টিও স্বীকার করেন।
এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমি অবগত নই। আপনার মাধ্যমে জানতে পারলাম। এ বিষয়ে আমি ব্যবস্থা গ্রহণ করব।”
ঘটনার বিষয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, “ঘটনা সত্য। আমি শিক্ষা অফিসারকে নিয়ে মিটিং করে প্রধান শিক্ষককে শোকজ করব।”
সরকারি বিদ্যালয়ের নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়া এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাকে অবহিত না করার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিদ্যালয়ের নিজস্ব কোনো সিদ্ধান্তে এমনভাবে নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়া হয়েছে কি না, কিংবা এ ক্ষেত্রে কোনো প্রশাসনিক অনুমোদন ছিল কি না—তা নিয়েও প্রশ্ন উঠেছে।
সচেতন মহলের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনায় নির্ধারিত সময় ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে স্থানীয়দের।

