আবদুর রহমান
সম্পাদক

প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ কোনোভাবেই নিপীড়নের হাতিয়ার হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনটির অপপ্রয়োগে কোনো সাংবাদিক বা গণমাধ্যম যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। গণমাধ্যম ও সাইবার বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট অংশীজনদের সুপারিশ নিয়ে আরও আলোচনা করেই খসড়াটি চূড়ান্ত করা হবে।

সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রস্তাবিত আইনটির খসড়া নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সভায় সাংবাদিকদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব এসেছে। এর মধ্যে সাংবাদিকের বিরুদ্ধে আইনের আওতায় ব্যবস্থা নেওয়া বা গ্রেপ্তারের আগে আদালতের পূর্বানুমতি নেওয়ার প্রস্তাব রয়েছে। সরকার এ প্রস্তাবকে যুক্তিসংগত মনে করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী ১৫ দিনের মধ্যে অংশীজনদের কাছ থেকে আনুষ্ঠানিক সুপারিশ পাওয়ার পর বিষয়টি খসড়া আইনে অন্তর্ভুক্ত করার কথা জানান তিনি।

এ ছাড়া কোনো মামলা বা আপিল বছরের পর বছর ঝুলে না থাকে, সে জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের বিধান রাখার সিদ্ধান্ত হয়েছে। গণমাধ্যমের জন্য প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করতে আইনে ‘সেভিং ক্লজ’ যুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি এবং চাই না। কোনো সাংবাদিক যেন এই আইনের অপপ্রয়োগের শিকার না হন, সেটিই আমাদের মূল লক্ষ্য।’

আবারও ওয়েবসাইটে প্রকাশ করা হবে খসড়া

প্রস্তাবিত আইনটির খসড়া চূড়ান্ত করার আগে আরও মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সংশোধিত খসড়া মন্ত্রিসভায় পাঠানোর আগে আবারও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সেখানে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট অংশীজনেরা নতুন করে মতামত দেওয়ার সুযোগ পাবেন। গ্রহণযোগ্য মতামত খসড়ায় যুক্ত করা হবে বলে জানান মন্ত্রী।

এর আগে সাইবার সুরক্ষা আইন সংশোধনের জন্য প্রস্তুত করা খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছিল। মন্ত্রিসভার নির্দেশনা অনুযায়ী সাইবার বিশেষজ্ঞ, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করে খসড়াটি পর্যালোচনা করা হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, মানবাধিকার সংগঠন, শিক্ষার্থী ও সাইবার স্পেসের ব্যবহারকারীদের মতামত সংগ্রহ করা হয়েছে।

গণমাধ্যমের সঙ্গে সোমবারের বৈঠকটি ছিল এ বিষয়ে সরকারের দ্বিতীয় দফার আলোচনা। গত ১০ সেপ্টেম্বর সম্পাদকদের সঙ্গে প্রথম বৈঠকে পরবর্তী সভায় লিখিত মতামত দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সোমবারের সভায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রতিনিধি ও সাংবাদিকেরা তাঁদের মতামত তুলে ধরেন। অনেকে লিখিত সুপারিশ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

গণমাধ্যম ও সাইবার বিশেষজ্ঞদের নিয়ে আরও আলোচনা

সভায় ডেইলি স্টারের সম্পাদক মাহবুব আনাম গণমাধ্যম ও সাইবার বিশেষজ্ঞদের নিয়ে আরও সময় নিয়ে নিবিড় আলোচনার প্রস্তাব দেন। তাঁর প্রস্তাবের লক্ষ্য ছিল, আইনটির কারণে গণমাধ্যম যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং আইনে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করা যায়। সরকার এ প্রস্তাব গ্রহণ করেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

খসড়া চূড়ান্ত করার প্রক্রিয়ায় প্রধান তথ্য কর্মকর্তাকে (পিআইও) ফোকাল পয়েন্ট করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যৌথভাবে এ প্রক্রিয়ার সমন্বয় করবে। সম্পাদক পরিষদ, ইলেকট্রনিক মিডিয়া অ্যাসোসিয়েশন এবং আইটি মন্ত্রণালয়ের সাইবার বিশেষজ্ঞদের একটি প্যানেলও এতে যুক্ত থাকবে।

আগামী ৭ থেকে ১৫ দিনের মধ্যে অংশীজনদের কাছ থেকে সুনির্দিষ্ট সুপারিশ নেওয়া হবে। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কমিটির সদস্যরা যৌথভাবে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

সংসদে গিয়েও তাড়াহুড়ো করে পাস নয়

সংশোধিত খসড়া আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে পর্যালোচনার পর মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে তা জাতীয় সংসদে বিল আকারে উত্থাপিত হবে। তবে সংসদে উত্থাপনের পরও তাড়াহুড়ো করে আইনটি পাস করা হবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সংসদীয় আলোচনার পাশাপাশি সংসদের বাইরে বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে পাওয়া মতামতও বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট সব পক্ষের মতামত পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সাইবার অপরাধ ঠেকানোই মূল লক্ষ্য

প্রস্তাবিত আইনের উদ্দেশ্য সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার স্পেসে সংঘটিত অপরাধ থেকে দেশ, সমাজ ও বিশেষ করে তরুণদের সুরক্ষা দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি, পারিবারিক বন্ধন ও দেশীয় সংস্কৃতি রক্ষার বিষয়টিও আইনে গুরুত্ব পাবে।

আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ভারসাম্যপূর্ণ সাইবার আইন প্রণয়ন করতে সরকার কাজ করছে বলে জানান তিনি।